ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট: ৪ ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল রোগীর
মো: আরিফুল ইসলাম:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে ভয়াবহ যানজটে আটকে পড়ে হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে এক রোগীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে কুমিল্লার দাউদকান্দি পর্যন্ত প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দীর্ঘ যানজটে ৪ ঘণ্টারও বেশি সময় আটকা ছিল মুমূর্ষু রোগীবাহী যানটি।
নিহত রোগীর নাম আমিরুন্নেছা। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রের বরাতে জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হন আমিরুন্নেছা। উন্নত চিকিৎসার জন্য রাত ৮টার দিকে তাকে নিয়ে পরিবারের সদস্যরা একটি অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সটি কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছালে মহাসড়কের ভয়াবহ যানজটের কবলে পড়ে। প্রায় চার ঘণ্টা এক জায়গায় নিথর দাঁড়িয়ে থাকার পর অ্যাম্বুলেন্সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই নারী।
যানজটের পেছনের কারণ হিসেবে জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার আশরিয়ারচরে ঢাকামুখী লেনে একটি সেতুর সড়ক ও সংযোগ সংস্কারকাজ শুরু হয়। সংস্কারকাজের সময় এক লেনে উভয় দিকের যানবাহন ধীরগতিতে পারাপার করতে গিয়ে অতিরিক্ত যানবাহনের চাপে এ দীর্ঘ জটের সৃষ্টি হয়।
হাইওয়ে পুলিশ সূত্রে জানানো হয়, সংস্কারকাজের বিষয়টি তদারকি করার পাশাপাশি তীব্র গরমের মধ্যে আটকে থাকা সাধারণ যাত্রী ও যানবাহনের ভোগান্তি কমাতে মহাসড়কে সার্বক্ষণিক কাজ করছেন হাইওয়ে পুলিশের সদস্যরা। দাউদকান্দি হাইওয়ে থানার পক্ষ থেকে জানানো হয়েছে, যানজট নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘটনাটির বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।









