সকালের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত
মো: আরিফুল ইসলাম:
দেশের বিভিন্ন অঞ্চলে সকালের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার রাত ৯টা থেকে পরবর্তী নির্দেশনাসহ রবিবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া বার্তা অনুযায়ী রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে অঞ্চলভেদে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এইসব এলাকার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে সাময়িক দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে সংশ্লিষ্ট অঞ্চলগুলোর নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া উপকূলীয় ও আশেপাশের অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।