বঙ্গোপসাগরে নিম্নচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, ভারী বৃষ্টির পূর্বাভাস

​মো: আরিফুল ইসলাম:

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরিস্থিতির ওপর নজর রেখে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

​ নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় বায়ুচাপের পার্থক্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে সাগর বেশ উত্তাল অবস্থায় রয়েছে।

​নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলো সহ সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী এবং কিছু কিছু জায়গায় অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

​উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একইসঙ্গে গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

​দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় অঞ্চলের নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।
​আবহাওয়াবিদরা জানিয়েছেন, নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। উপকূলে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকায় উপকূলবাসীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন