ইভটিজিংয়ের অভিযোগে তিন বহিরাগত থানায় হস্তান্তর, দুই ছাত্রী বহিষ্কার
নোয়াখালী প্রতিনিধিঃ
সেনবাগ (নোয়াখালী), ১৭ জুন: নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের ঐতিহ্যবাহী চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ইভটিজিংয়ের অভিযোগে তিন বহিরাগত যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর এবং দুই স্কুলছাত্রীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৭ জুন) সকালে বিদ্যালয়ের পাঠদান চলাকালে বিদ্যালয় ক্যাম্পাসে সন্দেহজনক অবস্থায় তিন বহিরাগত যুবক ও দুই স্কুলছাত্রীকে আটক করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ইভটিজিং ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। পরে আটক তিন বহিরাগত যুবককে সেনবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন ইকবাল জানান, বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, আটক তিন যুবককে সেনবাগ থানায় সোপর্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট দুই ছাত্রীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তবে থানায় হস্তান্তর করা যুবকদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।









