নোয়াখালী সদর হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক অভিযান, অনিয়মে ক্ষোভ
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী, ১৬ জুন: নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা এবং রোগীদের নিম্নমানের চিকিৎসাসেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়াশরুম ও বাথরুমের অস্বাস্থ্যকর পরিবেশ, দুর্গন্ধ এবং সার্বিক ব্যবস্থাপনার দুর্বলতা তাঁর নজরে আসে। রোগীদের অভিযোগ শুনে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন মন্ত্রী।
এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে তাঁকে ক্লোজড (সংযুক্তি প্রত্যাহার) করা হয়েছে বলে জানা গেছে।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া তিনি আরও জানান, চীনের সহযোগিতায় দেশের ১০টি জেলায় ১ হাজার ৫০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে নোয়াখালী জেলায়ও একটি হাসপাতাল স্থাপনের বিষয়ে প্রাথমিকভাবে ইতিবাচক সিদ্ধান্তের কথা উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্য মন্ত্রীর এ ঘোষণায় নোয়াখালীবাসীর মধ্যে উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার আশা জাগিয়েছে। স্থানীয়রা মনে করছেন, পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে জেলার স্বাস্থ্যখাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।