ঝুলন্ত বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, পরশুরামে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু
মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।
পথচারীদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ তার সরানোর চেষ্টা; হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু, ঝড়ের পর বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিতের দাবি এলাকাবাসীর
ফেনীর পরশুরাম উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের উত্তর মহম্মদপুর গ্রামে ঝুলন্ত বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ননাই বিবি (ননাই বেগম) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় তিনি ঝড়ে ছিঁড়ে ঝুলন্ত অবস্থায় থাকা একটি বৈদ্যুতিক তার দেখতে পান। পথচারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারটি সরানোর চেষ্টা করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও পথেই তার মৃত্যু হয়।
নিহত ননাই বিবি উত্তর মহম্মদপুর গ্রামের জর্দার বাড়ির বাসিন্দা কাশেমের স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পরশুরাম পল্লী বিদ্যুতের ডিজিএম বলেন, “মৃত্যুর ঘটনা সত্য। তবে তারটি ঝুলন্ত অবস্থায় ছিল। এ বিষয়ে কোনো অভিযোগ না পাওয়ায় আমরা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার সুযোগ পাইনি।”
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অভিযোগ করেন, ঝড়ের পর ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার দ্রুত অপসারণ এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।