কক্সবাজারে বেড়াতে এসে অটোরিক্সায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
আনছারুল হক কুতুবী, কক্সবাজার জেলা প্রতিনিধি:
মঙ্গলবার (৬ অক্টোবর)কক্সবাজারে ব্যাটারি চালিত অটো রিক্সায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে শহরের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম সীমা আক্তার (১৭) সে কুমিল্লা দেবিদ্বার উপজেলা বড় আলমপুর এলাকার মাহবুব আলমের মেয়ে। নিহত কিশোরী ওই এলাকার একটি মাদ্রাসায় আলিম দ্বিতীয় বর্ষে ছাত্রী ।পরিবার ও আত্মীয়-স্ব জনদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিল। সমুদ্র সৈকতের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের বিচ কর্মী মাহবুব আলম বলেন , সে স্বজনদের সঙ্গে অটো রিক্সা করে যাওয়ার সময় সীমা আক্তার এর ওড়না পেছনের একটি চাকায় পেঁচিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয় ।পরে দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কিশোরীর পরিবারের একজন সদস্য জানান, গত সোমবার সকাল ছয়টার দিকে দেবিদ্বারের বড় আলমপুর এলাকা থেকে ১৭ জনের একটি দল কক্সবাজার বেড়াতে আসে।
গতকাল সকালে সবাই সুগন্ধা পয়েন্টে সমুদ্র সৈকতের দিকে ঘুরতে গিয়েছিলেন ।সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন ,মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্বজনদের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।





