ফতুল্লায় বিএনপি নেতাদের ওপর হামলা: রামারবাগের মোহন আহমেদ মমিনের পদ স্থগিত

​মো: আরিফুল ইসলাম:

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির শীর্ষ নেতাদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় রামারবাগ এলাকার বিএনপি নেতা মোহন আহমেদ (মমিন)-এর প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব ধরনের পদ স্থগিত করা হয়েছে।
​দলীয় সূত্রে জানা গেছে, সড়কে তৈরি হওয়া যানজট নিরসন এবং একজন ট্রাক চালককে মারধরের ঘটনার প্রতিবাদ করায় ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার এবং সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিসের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় মোহন আহমেদ মমিন ও তার সহযোগী আলতাফসহ একদল দুষ্কৃতকারী তাদের বেদম মারধর করে এবং হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় তারা দুজনই গুরুতর আহত হন।

​ঘটনাটি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। বিষয়টি দলীয় হাইকমান্ড ও ফতুল্লা থানা বিএনপির দৃষ্টিগোচর হলে তারা ঘটনার তদন্ত পরিচালনা করে। অপরাধে সম্পৃক্ততার সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে মোহন আহমেদ মমিনের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তার পদ স্থগিত ঘোষণা করা হয়।

​এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির নেতৃবৃন্দ জানান, দলে শৃঙ্খলা ও আদর্শ বজায় রাখতে যেকোনো অপকর্ম ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিএনপি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। দলীয় পদে থেকে কেউ কোনো অসাংগঠনিক কর্মকাণ্ড ও সহিংসতায় লিপ্ত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ও দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন