বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ফতুল্লায় বর্ণাঢ্য র্যালি ও মানবিক কর্মসূচিতে তৃণমূল নেতাকর্মীদের প্রতি সভাপতি টিটুর কৃতজ্ঞতা
মো: আরিফুল ইসলাম:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় আয়োজিত বর্ণাঢ্য র্যালি, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া ফতুল্লা থানা বিএনপি ও সব অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটু।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী বিভিন্ন পরিবেশবান্ধব ও সামাজিক কর্মসূচিতে তৃণমূল নেতাকর্মীদের বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং অনুকরণীয় উপস্থিতি পুরো আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছে বলে এক বার্তায় উল্লেখ করেন তিনি।
মোঃ শহিদুল ইসলাম টিটু বলেন, “তৃণমূলই বিএনপির মূল চালিকাশক্তি। প্রতিকূল পরিবেশ এবং শত জুলুম-নির্যাতন উপেক্ষা করেও ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা যেভাবে দলের প্রতিটি আহ্বানে সাড়া দিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকেন, তা সত্যিই প্রশংসনীয়। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও দিনব্যাপী অন্যান্য সামাজিক ও মানবিক কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে ফতুল্লায় বিএনপি কতটা সুসংগঠিত ও শক্তিশালী।”
তিনি আরও উল্লেখ করেন, কেবল উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কাজগুলো সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।
ভবিষ্যতেও গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশ ও জনগণের স্বার্থে ফতুল্লা থানা বিএনপির প্রতিটি নেতাকর্মী একইভাবে ঐক্যবদ্ধ থেকে রাজপথে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই জ্যেষ্ঠ বিএনপি নেতা।