ফুটপাত দখলে এজিবি কলোনি: অবৈধ দোকানের দৌরাত্ম্যে নাজেহাল জনজীবন

দেশের আয়না ডেস্ক:

রাজধানীর এজিবি কলোনির মসজিদ মার্কেট সংলগ্ন ফুটপাত ও সড়কজুড়ে চলছে অবৈধ দখলের এক বেপরোয়া চিত্র। রাস্তার দুই পাশ দখল করে গড়ে উঠেছে অসংখ্য ভ্রাম্যমাণ ও অস্থায়ী দোকান, যেখানে প্রতিদিনই চলছে জমজমাট ব্যবসা। অভিযোগ রয়েছে, এসব দোকানে অবৈধভাবে নেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগও।
বিশেষ করে খাবারের দোকানগুলো রাস্তার বড় অংশ দখল করে বসায় সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, ফুটপাত সম্পূর্ণ দখল হয়ে যাওয়ায় পথচারীরা বাধ্য হয়ে সড়কের ওপর দিয়ে চলাচল করছেন। এতে একদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, অন্যদিকে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে পুরো এলাকায়।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু, নারী ও বয়স্করা। প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। স্থানীয়দের ভাষ্য, “ফুটপাত থাকতেও আমরা রাস্তায় হাঁটতে বাধ্য হচ্ছি—এ যেন দেখার কেউ নেই।”
এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী কিছু ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় এসব অবৈধ দোকান বসানো হচ্ছে। প্রতিদিন মোটা অংকের টাকার বিনিময়ে চলছে দখল বাণিজ্য। ফলে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন।
স্থানীয়দের দাবি, অবিলম্বে অভিযান চালিয়ে অবৈধ দোকান উচ্ছেদ করে ফুটপাত ও সড়ক জনগণের জন্য উন্মুক্ত করতে হবে। তা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
বিস্তারিত আসছে…

an adbox will go here