ফেনীতে সাড়ে ১৮ লাখ টাকার চোরাই ভারতীয় পোশাক ও সিএনজি জব্দ
বিশেষ প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়ায় ডিবি পুলিশের এক বিশেষ অভিযানে প্রায় সাড়ে ১৮ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পোশাক ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে ফেনী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, ফেনী জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ডিবি’র অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানার রাধানগর ইউনিয়নের পূর্ব মধুগ্রাম এলাকায় অভিযান চালানো হয়। সেখানে জনৈক বাবুলের মুরগির ফার্মের উত্তর পাশের খালি জায়গায় তল্লাশি চালিয়ে অবৈধভাবে সীমান্ত পার করে আনা ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, শাল (চাদর), ধুতি কাপড় ও থ্রি-পিস উদ্ধার করা হয়। একই সাথে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি অনটেস্ট সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ।
উদ্ধারকৃত ভারতীয় পোশাক ও সিএনজির আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ২৫ হাজার ৪০০ টাকা বলে নিশ্চিত করেছে ডিবি পুলিশ।
তবে অভিযান টের পেয়ে সিএনজি চালকসহ চোরাচালান চক্রের ২-৩ জন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ডিবি পুলিশ জানায়, পলাতকদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারসহ এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।