এম সার্কাস পানির কল এলাকায় যুবকের ওপর হামলার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন এম সার্কাস পানির কল এলাকায় পূর্বের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক যুবকের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. আনু বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধের জেরে গত ২৪ জুলাই ২০২৬ দুপুরে এম সার্কাস পানির কল এলাকায় ভুক্তভোগী রবিন-এর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
মামলায় ১ নম্বর আসামি মো. শাওন (২৮) এবং ২ নম্বর আসামি মোছা. শান্তা (২০)-এর নাম উল্লেখ করা হয়েছে। তাদের উভয়ের পিতার নাম টারজেন। তাদের ঠিকানা গ্রাম: বক্তার কান্দি আমিরাবাদ (বালুর মাঠ), থানা: বন্দর, জেলা: নারায়ণগঞ্জ। এছাড়াও এজাহারে আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, হামলার সময় ভুক্তভোগীকে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে মোট ৫৩টি সেলাই দিতে হয়েছে বলে পরিবারের দাবি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বাদীর অভিযোগ, পূর্বেও বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। সর্বশেষ এই হামলার পর পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬(২)/৩৪ ধারায় মামলা রুজু হয়েছে। বাদীপক্ষ দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন