ফুলগাজীতে ৫ বছরের শিশুকে ধর্ষণ মামলায় অভিযুক্ত মুয়াজ্জিন হাসান কারাগারে
ফখরুল আলম সাজু
ফেনী জেলা ফুলগাজী উপজেলা জিএমহাট ইউনিয়নের বকশিবাজার এলাকার বশিকপুর গ্রামের ৫ বছর বয়সী ১ শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার অভিযুক্ত ১টি মসজিদের মুয়াজ্জিন মো. হাসান (২২) কে গ্রেফতার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৪ আগস্ট মঙ্গলবার ভোরে ফেনী শহরের ফলেশ্বর এলাকার ১টি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়, এর আগে ভুক্তভোগী শিশুর আত্মীয় স্বজনরা তার অবস্থান শনাক্ত করে পুলিশকে তর্থটি দিলে ফুলগাজী থানা পুলিশ খবর পেয়ে অভিযানে গিয়ে তাকে গ্রেফতার করে, পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩ আগস্ট সোমবার যোহর ও আসরের নামাজের মধ্যবর্তী সময়ে ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের বকশিবাজার এলাকার ১টি মসজিদের কক্ষে ফুলগাজী উপজেলার বশিকপুর গ্রামের ৫ বছর বয়সী ১ শিশুকে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।
কিছুক্ষণ পর শিশুটি বাইরে বের হলে তার শারীরিক অবস্থার অবনতি ও রক্তক্ষরণ দেখতে পান স্থানীয়রা, পরে শিশুটির পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখান থেকে উন্নত চিকিৎসা, প্রয়োজনীয় আলামত সংরক্ষণ এবং মেডিকেল পরীক্ষার জন্য তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়, বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে, তদন্তে প্রাপ্ত তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও মেডিকেল প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর ফুলগাজী উপজেলা সহ ফেনী জেলায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।