র্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার, উখিয়ায় গ্রেফতার ৩ মাদক কারবারি
মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া দক্ষিণ স্টেশন এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
র্যাব-১৫ জানায়, রবিবার (২৬ জুলাই) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিসি-২ এর একটি আভিযানিক দল উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের উখিয়া দক্ষিণ স্টেশন এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
অভিযান চলাকালে একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে চালক ও আরোহীরা সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন।
আটক ব্যক্তিদের সঙ্গে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ৫০টি এয়ারটাইট পলিপ্যাকেটে রাখা মোট ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১ হাজার পিস করে ইয়াবা ছিল। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নুরুল হাকিম (২৮), মো. ইদ্রিস (৪৮) এবং শামসুল আলম (২৪)। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত সিএনজি ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত থাকবে।