নোয়াখালীতে জমি কিনে প্রতারণার অভিযোগ, বিচার না পেয়ে দিশেহারা শ্রমজীবী পরিবার
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাটে বসতভিটার স্বপ্ন নিয়ে জমি কিনে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন এক গার্মেন্টস শ্রমিক। ভুক্তভোগীর দাবি, প্রায় ৭ লাখ টাকা ব্যয় করেও নির্ধারিত জমি বুঝে পাননি। উল্টো তাকে জোরপূর্বক অন্য জমি রেজিস্ট্রি করানোর চেষ্টা এবং আটকে রেখে স্ট্যাম্প ও সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে।
লিখিত অভিযোগে জানা যায়, প্রায় আড়াই বছর আগে অশ্বদিয়া ইউনিয়নের বাসিন্দা ও বর্তমানে চট্টগ্রামে কর্মরত গার্মেন্টস শ্রমিক তাজনাহার আক্তার এবং তার রিকশাচালক স্বামী মো. সেলিম বসতবাড়ি নির্মাণের উদ্দেশ্যে কবিরহাট উপজেলার আব্দুল্লাহরহাট এলাকায় ১২ শতাংশ জমি কেনেন। জমির মূল্য, রেজিস্ট্রি, নামজারি ও অন্যান্য খরচ মিলিয়ে তাদের প্রায় ৭ লাখ টাকা ব্যয় হয়।
ভুক্তভোগীর অভিযোগ, যে জমি দেখিয়ে টাকা নেওয়া হয়েছিল, রেজিস্ট্রির সময় সেই জমি না দিয়ে অন্য জায়গার জমি রেজিস্ট্রি করার চেষ্টা করা হয়। পরে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হলেও গত ১৪ জুলাই রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে পূর্ণ টাকা ফেরত না দিয়ে জোরপূর্বক অন্য জমি রেজিস্ট্রি করাতে চাপ দেওয়া হয়।
তাজনাহার আক্তারের দাবি, তিনি এতে রাজি না হলে তাকে কয়েক ঘণ্টা আটকে রেখে ২০ থেকে ২৫টি স্ট্যাম্প ও সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। খবর পেয়ে স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। পরে কবিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।