আভিজাত্যের আড়ালে অন্ধকার: নোয়াখালীতে বিলাসবহুল জিপ থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে একটি বিলাসবহুল কিয়া (KIA) জিপে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪১ লাখ টাকা মূল্যের ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পাচারের অভিযোগে কক্সবাজারের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত কোটি টাকার বিলাসবহুল জিপটিও।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার রূপসা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা মেট্রো-ঘ-১১-৮০৩৭ নম্বরের একটি কালো রঙের কিয়া জিপ তল্লাশি করে ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া থানার পূর্ব বড় বেহুলা ইটমনি হেতালিয়া পাড়ার বাসিন্দা মো. পারভেজ (৪২) ও মো. বিপ্লব (৪৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে অভিযুক্তরা নিজেদের সম্ভ্রান্ত ও উচ্চবিত্ত যাত্রীর পরিচয়ে চলাচল করতেন। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা সম্ভব হয়।
ডিবি পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত মো. পারভেজ একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা অন্তত ৯টি মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত গাড়ি ও গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন