বেগমগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা
নোয়াখালী প্রতিনিধি:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে বেগমগঞ্জ উপজেলার রমজান বিবির বাজার ও চৌমুহনী বাজার এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয়কারী প্রতিষ্ঠান এবং শিশুখাদ্য বিক্রয়কারী দোকানগুলোতে নিবিড় তদারকি করা হয়। এ সময় জুলাই ২০২৬ মাসের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে কি না এবং অনুমোদনহীন শিশুখাদ্য বাজারজাত করা হচ্ছে কি না, তা যাচাই করা হয়।
অভিযান চলাকালে দৃশ্যমান স্থানে সেবার মূল্যতালিকা প্রদর্শন না করা এবং সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি না করায় রমজান বিবির বাজারের মেসার্স মোহাম্মদীয়া খাদ্য বিতানকে ৫ হাজার টাকা এবং একই অভিযোগে মেসার্স শান্ত স্যানিটারিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া চৌমুহনী বাজারের রেলগেইট এলাকার মেসার্স ঢাকা স্টোর-এ অনুমোদনহীন ও মেয়াদ উল্লেখবিহীন শিশুখাদ্য বিক্রয় এবং বিপুল পরিমাণে মজুদ রাখার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে চূড়ান্তভাবে সতর্ক করা হয়।
অভিযানে ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মোট তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
বেলা সাড়ে ১১টা থেকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম। এ সময় জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্যবৃন্দ এবং জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল অভিযানে অংশগ্রহণ করে।
ভোক্তা অধিকার সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।