কলাউজানে অভিনব কায়দায় বৈদ্যুতিক ক্যাবল চুরি: গণধোলাইয়ের পর পুলিশের হাতে ২ চোর, পলাতক ১

​বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নে গত প্রায় এক মাস ধরে চলছে অভিনব কায়দায় বসতবাড়ির বৈদ্যুতিক ক্যাবল চুরির ঘটনা। অবশেষে রোববার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে স্থানীয় জনতা হাতেনাতে দুই চোরকে আটক করতে সক্ষম হয়। পরে আটককৃতদের উদ্ধার করে লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
​স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, কলাউজান ইউনিয়নের প্রায় ৮টি বসতবাড়ি থেকে কৌশলে সার্ভিস তার ও ইনডোর সংযোগের ক্যাবল চুরি করে আসছিল একটি চক্র। দীর্ঘ এক মাস ধরে দফায় দফায় ঘটে যাওয়া এই চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আনুমানিক প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
​রোববার সকালে চুরির চেষ্টা চালানোর সময় স্থানীয় বাসিন্দারা টের পেয়ে ধাওয়া করে দুই চোরকে ধরে ফেলে। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে আসামি দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
​জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত ‘জন্টু কান্তি নাথ’ নামে আরেক আসামি এখনও পলাতক রয়েছে। তার বিরুদ্ধে আগেও এ ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
​এ বিষয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের পক্ষ থেকে লোহাগাড়া থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক জন্টু কান্তি নাথকে গ্রেফতারের চেষ্টা চলছে।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন