সেনবাগে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
নোয়াখালী প্রতিনিধিঃ
সেনবাগ (নোয়াখালী), ৬ জুলাই: “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে নোয়াখালীর সেনবাগে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালনের মূল উদ্দেশ্য হলো গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং টেকসই পল্লী উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি আধুনিক, স্বনির্ভর ও সমৃদ্ধ গ্রাম গড়ে তোলার লক্ষ্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমকে জনগণের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করবে এবং একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।