হানিফ হত্যায় প্রধান আসামী জুনু

হানিফ হত্যায় প্রধান আসামী জুনু

নিজস্ব প্রতিবেদক

ছাগলনাইয়ায় শুভপুর ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রামের মোঃ হানিফ (৩৫) নামে ওই যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। নিহত হানিফের বড় ভাই মোঃ মুসা মিয়া বাদি হয়ে থানায় এ মামলা করেছেন বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। ওসি জানান, উত্তর ছয়ঘরিয়া গ্রামের মৃত আহাম্মদ উল্যাহর ছেলে রেজাউল করীম জুনুকে প্রধান আসামী করে আরও অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। ওসি আরও জানান, হানিফকে কেনো হত্যা করা হয়েছে এবং কারা এ ঘটনার সাথে জড়িত তা তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আসামি
জুনুও একজন মাদক কারবারি। গত সোমবার রাতে খবর পেয়ে ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রামের একটি ড্রেন থেকে মোঃ হানিফ নামে ওই যুবকের লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। নিহতের হাত দুটি ধারালো অস্ত্র দিয়ে কেটে প্রায় বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। তাঁর হাত, মাথাসহ শরীরের অন্তত ১২টি স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত হানিফের বিরুদ্ধে থানায় মাদক, ডাকাতি, মারামারি ও অস্ত্র আইনে ২০টি মামলা রয়েছে। নিহতের হানিফের পরিবারের দাবি, জুনু ফোন করে হানিফকে নিজ বাড়িতে
ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। দৈনিক ফেনীর অনুসন্ধানে জানা গেছে, কয়েক বছর আগে মাদক কারবার নিয়ে আঘাতের প্রতিশোধ নিতে জনৈক ব্যক্তির হাত কেটে ফেলে নিহত হানিফ। স্থানীয়দের ধারণা, এর প্রতিশোধ নিতে দুই হাত কেটে তাকে নৃংশসভাবে হত্যা করা হয়েছে। আবার কারও ভাষ্য, মাদক কারবারিদের কাছ থেকে চাঁদাবাজির প্রতিশোধ নিতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন