মুক্তাগাছায় ট্রাক চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ সোহানুর রহমান:
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় আরফান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে আরফান রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আরফান তার পরিবারের সঙ্গে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার বাবা ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এ কর্মরত বলে জানা গেছে। সন্তানের আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে নেমে এসেছে গভীর শোক ও আহাজারি।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, স্থানীয় বাসিন্দারা সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে প্রশাসনের জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধ করা যায়।

an adbox will go here