
ফখরুল আলম সাজু
ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের উত্তর তারাকুচা গ্রামে অবৈধ ভাবে কৃষি জমির উপরিভাগের মাটি টপসয়েল কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন স্থানীয় ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য রহিম উল্লাহ।
১৭ এপ্রিল শুক্রবার মাটি খেকো চক্রের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ১টি এস্কেভেটর ও ২টি পিকআপ আটক করা হয়, পরে খবর দেওয়া হলে ফুলগাজী থানা পুলিশের ১টি টিম ঘটনাস্থলে পৌঁছে সরঞ্জাম গুলো তাদের হেফাজতে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উত্তর তারাকুচা গ্রামের বিভিন্ন আবাদি জমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে নিচ্ছে ১টি চক্র, কৃষি জমির উপরিভাগের উর্বর অংশ কেটে নেওয়ায় ১ দিকে যেমন জমি উর্বরতা হারাচ্ছে, অন্যদিকে গইরাচড়া খালের বেড়িবাঁধের অংশ বিশেষ কেটে ফেলায় এখন হুমকিতে পড়েছে বিস্তীর্ণ ফসলি জমি।
এছাড়া মাটিবাহী ভারী পিকআপ চলাচলের কারণে উত্তর তারাকুচা বাসীর দীর্ঘ প্রতীক্ষিত সড়কটির বিভিন্ন স্থান দেবে গিয়েছে এবং বর্তমানে তা চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ইউপি সদস্য রহিম উল্লাহ স্থানীয় জনতাকে সাথে নিয়ে এই অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তিনি ঘটনাস্থল থেকে মাটি কাটার যন্ত্র ও গাড়ি গুলো আটক করে পুলিশকে সোপর্দ করেন, এই ঘটনার পর এলাকায় স্বস্তির নিঃশ্বাস বইছে।
এলাকাবাসী জানান, জনস্বার্থে ও সরকারি সম্পদ রক্ষায় মেম্বারের এই সাহসী ভূমিকা প্রশংসনীয়, তারা আশা প্রকাশ করেন, কৃষি জমি ও সড়ক রক্ষায় এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।