
মো: আরিফুল ইসলাম:
রংপুর জেলা স্কুলের সাবেক জ্যেষ্ঠ শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক, দুঃখ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুর জেলা বিএনপি।
ঘটনার খবর পেয়ে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিএনপি নেতৃবৃন্দ নিহতের পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের সাথে কথা বলেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
পরিদর্শন শেষে নেতৃবৃন্দ বলেন, "একই পরিবারের সদস্যদের এভাবে নির্মম ও বর্বরোচিতভাবে হত্যার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক এবং মারাত্মক নিন্দনীয়। এ ধরনের পৈশাচিক হত্যাকাণ্ড কোনো সুস্থ ও সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।"
বিএনপি নেতারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে এই নির্মম হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে। একই সাথে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোরালো দাবি জানান তাঁরা।
প্রেস বার্তায় জেলা বিএনপির নেতৃবৃন্দ নিহতদের বিদেহী আত্মার পরম শান্তি কামনা করেন এবং এ ঘটনায় তাঁদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।