
মাসুম বিল্লাহ ভূঁইয়া:
ফেনীর ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পশ্চিম ছাগলনাইয়া, নিজপানুয়া (আংশিক), বাঁশপাড়া, পূর্ব ছাগলনাইয়া (আংশিক), মটুয়া, উত্তর মটুয়া ও দক্ষিণ মটুয়া গ্রামের বাসিন্দারা তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় ঘরোয়া কাজকর্ম, শিক্ষার্থীদের পড়ালেখা এবং দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে গরমের কারণে শিশু ও বয়স্করা বেশি কষ্টে রয়েছেন।
এ বিষয়ে পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, রেজুমিয়া উপকেন্দ্রের ৩ ও ৫ নম্বর ফিডার লোডশেডিংজনিত কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
তিনি আরও জানান, যদি সবকিছু ঠিক থাকে, তবে ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাত ১টার দিকে বিদ্যুৎ সরবরাহ পুনরায় সচল হতে পারে।
এদিকে, দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন অবস্থায় থাকা এলাকাবাসী দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।