কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, প্রতারণা মামলায় আরও দুইজন আটক
কেরানীগঞ্জ প্রতিনিধি মোঃ ইমরান হোসেন ইমু:
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। এ ছাড়া প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা একটি মামলায় বরিশাল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এসব অভিযান পরিচালিত হয়। ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে পুলিশের একাধিক দল অভিযানে অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের কদমপুর এলাকায় বড় মসজিদসংলগ্ন ফজলুর রহমানের বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে মো. নাজিম কাজী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের চর কদমপুর এলাকার বাসিন্দা।
অপর একটি অভিযানে রাত সাড়ে ১০টার দিকে একই ইউনিয়নের কদমপুর এলাকার মহিলা মাদ্রাসার সামনের সেতুর ওপর থেকে হাসান মাহমুদ (৩১) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তিনি কদমপুর আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা।
এদিকে, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা একটি প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলার আসামিদের গ্রেপ্তারে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল জেলার বাকেরগঞ্জ ও মুলাদী থানা এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। এ সময় মামলার আসামি রহিমা বেগম (৩৬) ও মো. রফিকুল ইসলাম (৫০) কে গ্রেপ্তার করা হয়। তাঁরা যথাক্রমে মুলাদী ও বাকেরগঞ্জ এলাকার বাসিন্দা। রফিকুল ইসলাম বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তর পাড়া এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া রহিমা বেগম ও রফিকুল ইসলামকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ১৪ আগস্ট ২০২৬ তারিখের ৩৬ নম্বর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৬ ও ৪২০ ধারায় দায়ের করা হয়েছিল।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। © ২০২৪ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
খবরটি কেমন লাগলো?











পাঠকের মন্তব্য
এই খবরে মন্তব্য বন্ধ আছে।
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।