ফখরুল আলম সাজু
পটুয়াখালী জেলার দুমকিতে ১ প্রবাসী কর্তৃক ১২ বছরের শিশুকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে, তবে ঘটনার মাত্র ৮ ঘণ্টার ব্যবধানেই তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
একই সাথে গ্রেফতার করা হয়েছে অপহরণের মূল পরিকল্পনাকারী প্রবাসী মো. শাহ জামালকে (৪১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর আগে প্রবাসে থাকা অবস্থায় ফেসবুকের মাধ্যমে শিশুটির মায়ের সাথে পরিচয় হয় কুমিল্লা চৌদ্দগ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসী শাহ জামালের ৩ মাস আগে দেশে ফেরার পর গত ২৬ সেপ্টেম্বর তিনি দুমকির শ্রীরামপুর এলাকায় শিশুটির বাড়িতে বেড়াতে যান এবং তার বাবাকে ১টি স্মার্টফোন উপহার দিয়ে পরিবারের আস্থা অর্জন করেন।
পরবর্তী সময়ে ২ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে খাবার কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে ফুসলিয়ে নিয়ে যান শাহ জামাল, পরে ভয়ভীতি দেখিয়ে তাকে বাসে করে চট্টগ্রাম নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন, এদিকে সন্তানকে খুঁজে না পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিবার দুমকি থানায় অভিযোগ দায়ের করে।
ঘটনার পরপরই পটুয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও দুমকি থানা পুলিশের একাধিক টিম অভিযানে নামে, পায়রা সেতুর টোলপ্লাজা সহ আশপাশের শতাধিক সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়, পরবর্তীতে রাত সাড়ে ১২টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার এবং শাহ জামালকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি অপরাধ স্বীকার করেছে, এই ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় শিশুটির বাবা মো. নেছার উদ্দিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুমকি থানায় ১টি মামলা (মামলা নং-০২) দায়ের করেছেন, অপরাধীকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।