ছাগলনাইয়ায় আলোচিত জুবায়ের পারভেজ হত্যা: প্রধান আসামি ঢাকায় গ্রেফতার
ফেনী প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়ার আলোচিত জুবায়ের হোসেন পারভেজ হত্যা মামলার ১ নম্বর প্রধান এজাহারভুক্ত পলাতক আসামি মো. মামুনুর রশিদ মামুনকে (২৮) গ্রেফতার করেছে যৌথ বাহিনী/র্যাব। রাজধানীর লালবাগ থানার বাঁশপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মামুনুর রশিদ মামুন ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামের সাদেক মিয়ার ছেলে।
পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গত ২৭ জুন রাতে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার এলাকায় নিজ বাড়ির কাছে ডেকে নিয়ে জুবায়ের হোসেন পারভেজকে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। পরে তার লাশ একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যায় আসামিরা। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা আবু তাহের বাদী হয়ে ছাগলনাইয়া থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রাথমিক তদন্ত ও স্থানীয় সূত্রে জানা যায়, দোকান সংক্রান্ত বিষয় ও মাদক ব্যবসার বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার পর থেকে প্রধান আসামি মামুন আত্মগোপনে চলে যান। পরবর্তীতে গোপন সংবাদ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।