
মো: আরিফুল ইসলাম:
নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের হাতে সেলাই মেশিন ও আর্থিক সহায়তার অর্থ তুলে দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, “এটি সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য উপহার। এটি কোনো দান বা অনুদান নয়। আমরা চাই এই সহায়তার সঠিক ব্যবহারের মাধ্যমে আপনারা নিজেদের ভাগ্য পরিবর্তন করুন এবং পরিবারের পাশাপাশি দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখুন।
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ বিতরণ পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন এবং সদর উপজেলার প্রধান প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল।
অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সুবিধাবঞ্চিত নারী ও অনুদানগ্রহীতারা উপস্থিত ছিলেন। উপহারসামগ্রী ও আর্থিক সহায়তা হাতে পেয়ে তারা সরকারের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।