
তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি
মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকর ও মানসম্মত করার লক্ষ্যে নরসিংদীতে বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোর সেবার মান ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদীর উদ্যোগে অনুষ্ঠিত জেলা মনিটরিং কমিটির মাসিক সভায় জেলার অনুমোদিত ৬টি বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালকদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় মাদকাসক্তদের চিকিৎসা, কাউন্সেলিং, পুনর্বাসন, চিকিৎসাসেবার পরিবেশ, রোগীদের প্রতি দায়িত্বশীল আচরণ এবং নিরাময় কেন্দ্রগুলোর সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়। একই সঙ্গে নিরাময় কেন্দ্রগুলোতে সেবার মান বজায় রাখা, নিয়মিত তদারকি এবং বিদ্যমান নীতিমালা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় সংশ্লিষ্টরা বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির সমস্যা নয়; এর প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। তাই মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসার পাশাপাশি তাদের মানসিকভাবে সুস্থ করে স্বাভাবিক ও কর্মমুখী জীবনে ফিরিয়ে আনতে মানসম্মত চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেলার অনুমোদিত বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোর কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার পাশাপাশি সেবাগ্রহীতাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের নিয়মিত মনিটরিং ও সমন্বয় সভা মাদকবিরোধী কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।