
তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি:
নরসিংদীর মাধবদী পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে নরসিংদী জেলা প্রশাসন। বুধবার (৯ সেপ্টেম্বর) পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে বিপুলসংখ্যক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানকালে ৯২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে অবৈধ সংযোগ ব্যবহারের ঘটনায় ৭টি মামলা দায়ের করা হয়েছে এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া দীর্ঘদিনের বকেয়া গ্যাস বিল বাবদ আরও ৩ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়েছে। ফলে অভিযানে জরিমানা ও বকেয়া বিল মিলিয়ে মোট ৫ লাখ ৮০ হাজার টাকা আদায় হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহার শুধু সরকারের রাজস্ব ক্ষতির কারণ নয়, এটি গ্যাস ব্যবস্থাপনায় অনিয়মের পাশাপাশি জননিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে অনুমোদনহীন পাইপলাইন ও সংযোগ ব্যবহারের ফলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তাই অবৈধ সংযোগ বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সম্পদের অপব্যবহার, অবৈধ গ্যাস সংযোগ এবং রাজস্ব ফাঁকি বন্ধে �নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অবৈধ সংযোগের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে �আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।