ঐতিহ্যবাহী পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সপ্তাহব্যাপী "পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা" শুরু
পাবনা প্রতিনিধি:
ঐতিহ্যবাহী পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে সপ্তাহব্যাপী “পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা”। শহরের ঐতিহ্যবাহী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে (মুক্তমঞ্চ/টাউন হল) এই জমকালো উৎসব ও মেলার আয়োজন করা হয়েছে। মেলাটি চলবে ২৯ অক্টোবর পর্যন্ত।
আয়োজক সূত্রে জানা যায়, উৎসবজুড়ে পাবনা জেলার ইতিহাস ও সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরতে আয়োজিত হবে বিশেষ আলোচনাসভা, বিশিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা বক্তব্য ও সংবর্ধনা অনুষ্ঠান। এ ছাড়া স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনকে মুখরিত রাখতে লোকসঙ্গীত, সঙ্গীত ও নৃত্য পরিবেশনা, আবৃত্তি, কিশোর-কিশোরীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী সাপখেলার আয়োজন রাখা হয়েছে।
উৎসবের পাশাপাশি স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিকাশ ঘটাতে বসছে রকমারি পণ্যের মেলা। মেলায় স্থানীয় উদ্যোক্তাদের তৈরি আধুনিক পোশাক, নান্দনিক গহনা, প্রসাধনী সামগ্রী, ঐতিহ্যবাহী খাদ্যপণ্য, সুস্বাদু আচার এবং নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি তৈজসপত্রের সুসজ্জিত স্টল থাকবে।
আয়োজক কমিটি সকল পাবনাবাসীকে পরিবারসহ এই আনন্দ উৎসবে অংশ নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছে। তারা আশা প্রকাশ করছেন, সকলের উপস্থিতি ও সর্বাত্মক সহযোগিতায় এই আয়োজন সার্বিকভাবে সফল ও প্রাণবন্ত হয়ে উঠবে।










