ছাগলনাইয়ায় চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, ছাগলনাইয়া (ফেনী):
ফেনীর ছাগলনাইয়ায় আবদুল হক (৪৫) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাংলা বাজার এলাকায় এ নির্মম ঘটনা ঘটে। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আবদুল হক উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের মৃত ওসমান হাওলাদারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে অটোরিকশা নিয়ে বের হলে যাত্রীর বেশে আসা একদল ছিনতাইকারী তাঁর ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়। পরবর্তীতে ছাগলনাইয়া থানার এএসআই জেকসন বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।
নিহতের স্ত্রী জানান, ঋণ করে অটোরিকশাটি কিনে উপার্জনের একমাত্র মাধ্যম হিসেবে সেটি চালাতেন আবদুল হক। তাঁর সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী-সন্তানরা এখন দিশেহারা। তিনি স্বামী হত্যার সঙ্গে জড়িতদের দ্রত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের জানান, নিহতের মাথা ও শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশি অভিযান এবং জোর তদন্ত চলছে।










